আল আমিন বিশেষ প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে ফারুক (৪০) নামে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে বিজিবি। রবিবার (৩ মে) সকালে ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা উপজেলার বাবেলাকোনা গ্রাম থেকে তাকে আটক করে। আটক ফারুক সিংগাবরুনা ইউনিয়নের বকুলতলা গ্রামের সলি মিয়ার ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে। দুপুরে বিজিবি সদস্যরা ফারুককে শ্রীবরদী থানা পুলিশের কাছে সোপর্দ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক এসআই মো. মোরশেদ আলম জানান, রবিবার বিকেলে ফারুককে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, ফারুক মিয়ার বিরুদ্ধে মানব পাচারসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

