ওসমান গনি সরকার, মুরাদনগর (কুমিল্লা) উপজেলা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার গোমতী নিউ মার্কেটের মেইন গলিতে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে প্রতিদিন মার্কেটে আসা ক্রেতা ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
অভিযোগ রয়েছে, গোমতী নিউ মার্কেটের মেইন গলিতে অবস্থিত নিউ জনতা বেডিং এন্ড বেবি স্টোর (প্রোপ্রাইটর: সাইফুল ইসলাম), আল করিম বেডিং স্টোর এন্ড তুলার মিল (প্রোপ্রাইটর: মো. রমজান সরকার) এবং মায়ের দোয়া বেডিং স্টোর (প্রোপ্রাইটর: মো. আকতার হোসেন) তাদের ব্যবসায়িক মালামাল দোকানের সামনে ও গলির ওপর রেখে সাধারণ মানুষের চলাচলের পথ সংকুচিত করে ফেলেছেন।
ফলে মার্কেটে আসা ক্রেতাদের চলাচলে প্রতিনিয়ত বিঘ্ন ঘটছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের চলাফেরায় বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাজার পরিচালনা কমিটির দায়িত্বে থাকা খলিলুর রহমান (খলিল) জানান, “আমি একাধিকবার সংশ্লিষ্ট দোকান মালিকদের পথ দখল করে মালামাল না রাখতে অনুরোধ করেছি। কিন্তু তারা বিষয়টি গুরুত্ব দেননি।”
এ বিষয়ে মার্কেটে আগত ক্রেতা ও সাধারণ মানুষের দাবি, গোমতী নিউ মার্কেটের প্রধান গলিটি দ্রুত দখলমুক্ত করে অবাধ চলাচলের উপযোগী করা হোক। একই সঙ্গে তারা এ সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

