গৌতম কুমার মহন্ত – নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দায় এক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীসহ এলাকাবাসী।
২১ জুন রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে বিদ্যালয়টির শিক্ষার্থী ও এলাকাবাসী যৌথভাবে ওই শিক্ষকের অপসারণ দাবীতে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় পরানপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পরানপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে অভিযুক্ত এ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ছাত্রীদের উত্ত্যক্ত করাসহ এক শিক্ষিকাকে কুপ্রস্তাব দেয়া এবং যৌন হয়রানির অভিযোগ তুলে বক্তৃরা ওই শিক্ষকের অপসারণের দাবি জানান।
অভিযোগ করা হয়, সম্প্রতি অভিযুক্ত সহকারী শিক্ষক জিয়া এ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে কুপ্রস্তাব দেয়ার পাশাপাশি যৌন হয়রানির মতো কর্মকাণ্ডে জড়িত হন বলে অভিযোগ ওঠে। কয়েকদিন আগে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের সামনেই ওই শিক্ষিকার হাত ধরে টানাহেঁচড়া করার ঘটনাও ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি বরাবর এবং মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ দায়েরের পর অভিযুক্ত শিক্ষক আরো ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে ওই শিক্ষিকাকে হুমকি দিতে থাকেন বলেও মানববন্ধনে দাবি করা হয়। স্থানীয় সচেতন মহল অভিযুক্ত ওই শিক্ষককে দ্রুত অপসারণ করে বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান। অভিযুক্ত সহকারী শিক্ষক জিয়াউর রহমান জিয়ার সঙ্গে মুঠোফোনে গণমাধ্যম কর্মীরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ পায়।
ভুক্তভোগী শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল ওয়াহেদ আলী জানান, উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির নির্দেশনায় অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি আক্তার জাহান সাথী বলেন, অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিকভাবে ওই শিক্ষককে শোকজ করার নির্দেশ দেয়া হয়েছে। তিনি লিখিত জবাব দেয়ার পর বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

