বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইফা আক্তার নামে দুই বছরের এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে মোংলা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকার শাকিল তালুকদারের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই প্রচণ্ড জ্বর নিয়ে শিশুটিকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে শিশুটি মারা যায়।
এই অকাল মৃত্যুতে এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি এবং জমে থাকা ময়লা-আবর্জনার কারণে এডিস মশার প্রকোপ বেড়েছে। পৌর কর্তৃপক্ষের মশক নিধন কার্যক্রম নিয়মিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন জানান, হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৩-৫ জন নতুন রোগী ভর্তি হচ্ছেন। মশক নিধনে কার্যকর পদক্ষেপ ও জনসচেতনতা বৃদ্ধি না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

