রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয়ঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমে কোটা সংরক্ষণভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন এ মুক্তিযোদ্ধা, উপজাতি ও প্রতিবন্ধী কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষাৎকারে অংশ নিতে হলে প্রার্থীদের অবশ্যই মূল সনদপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে প্রার্থীরা কোটা সুবিধা থেকে বঞ্চিত হবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল প্রার্থীর উপস্থিতি নিশ্চিত করা জরুরি।
উল্লেখ্য, সাক্ষাৎকার শেষে কোটা সংরক্ষণভুক্ত প্রার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ২৭ আগস্ট। এদিন যোগ্য প্রার্থীদেরকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভর্তি নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছে, নির্ধারিত তারিখের বাইরে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যাবে না। ভর্তি কার্যক্রম সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যা শিক্ষার্থীদের যেকোনো তথ্য জানার ক্ষেত্রে সহায়ক হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জানানো হয়েছে, কোটা সংরক্ষণভুক্ত প্রার্থীদের সুযোগ প্রদানে প্রশাসন অত্যন্ত আন্তরিক এবং ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

