এ,টি, এম,হুমায়ুন কাদির
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়। একই সঙ্গে নিষিদ্ধ জাল বিক্রি ও সংরক্ষণের দায়ে দুই ব্যবসায়ীকে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাতের নেতৃত্বে উপজেলার চৌরাস্তা-তাড়াইল মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ টাকা। পরে জনসম্মুখে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি অবৈধভাবে নিষিদ্ধ জাল ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যবসায়ীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা উপজেলার অন্যান্য হাট-বাজার ও ব্যবসা কেন্দ্রেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

