নিরঞ্জন মিত্র (নিরু) – ফরিদপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ, ফরিদপুরের উদ্যোগে বুধবার (১৭ জুন) সদর উপজেলার ডিক্রির চরের পালডাঙ্গী গ্রামে পাটনার প্রকল্পের অধীনে বারি উদ্ভাবিত বারি চিনাবাদাম-8 এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাটনার প্রকল্প (বারি অংগ) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ডিপিডি ড. মোঃ ফারুক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাটনার প্রকল্প (বারি অংগ) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ডিপিডি, ড. রোজিনা আফরোজ ছন্দা ও ফরিদপুর মসলা গবেষণা উপ-কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আশিকুল ইসলাম।
বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান সিয়াম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের উপসহকারী কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট বৈজ্ঞানিক সহকারীবৃন্দ।
মাঠ দিবসে শতাধিক কৃষাণ কিষাণী অংশগ্রহণ করেন। এ বছর ফরিদপুর সদর উপজেলার ডিক্রির চরের পালডাঙ্গী গ্রামে বারি চিনা বাদাম-৮-এর বাম্পার ফলন হয়েছে। এই জাতটি খরা সহিষ্ণু হওয়ায় চরাঞ্চলে আবাদের জন্য উপযোগী।
অতিথিরা কৃষকদের সঙ্গে চরাঞ্চলে বারি চিনা বাদাম-৮-এর উৎপাদন কার্যক্রমের মাঠ পরিদর্শন করেন এবং উপস্থিত সবাই বারি উদ্ভাবিত আধুনিক জাত বারি চিনাবাদাম-৮ গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা বলেন, এ দেশের কৃষকরা সাধারণত স্থানীয় জাতের চীনাবাদাম আবাদ করে থাকেন। দেশি চিনা বাদাম হেক্টর প্রতি গড় ফলন মাত্র ১.৫ টন। বারি চিনা বাদাম-৮-এর হেক্টর প্রতি ফলন ২.৩ টন। বীজের আবার মাঝারী ও রং লালচে। তাই নতুন জাত ও প্রযুক্তি গ্রহনে কৃষকগণ আর্থিকভাবে লাভবান হন। এ ছাড়া বারি চিনা বাদাম-৮ জাতটি খরা সহিষ্ণু হওয়ায় চরাঞ্চলে আবাদের জন্য উপযোগী।
প্রধান অতিথি বলেন, প্রতি বছর ভোজ্যতেল আমদানিতে সরকারের প্রচুর অর্থ ব্যয় হয়। তাই পরিবারের ও দেশের চাহিদা পূরণে চিনাবাদামের আবাদ ক্রমান্বয়ে বাড়াতে হবে। সঠিক পরিচর্যা ও সুষম সার প্রয়োগ নিশ্চিত করতে হবে। উৎপাদনের পাশাপাশি নিজেদের খাদ্যতালিকায় সরিষা ও সয়াবিন তেলের পাশাপাশি চিনাবাদাম তেলের ব্যবহার বাড়াতে হবে।
অনুষ্ঠানের সভাপতি ও ফরিদপুর অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কমকর্তা মোঃ মাহবুবুর রহমান সবাইকে বারি উদ্ভাবিত অন্যান্য নতুন জাত ও প্রযুক্তি গ্রহণ করে কৃষির উৎপাদনকে আরও একধাপ এগিয়ে নেওয়ার অনুরোধ করেন।

