মো: মামুন হাসান, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দুস্থ প্রায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) পানছড়ি উপজেলার সাব-জোন এলাকায় বিভিন্ন গ্রামের দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা সরাসরি উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
বিতরণ করা ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, মুগ ডাল, চিনি, সেমাই, নুডুলস, সয়াবিন তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যপণ্য। পবিত্র রমজান মাসে অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এ সময় পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর জায়েদ-উর রহমান অয়ন বলেন, পবিত্র রমজানের তাৎপর্যকে সামনে রেখে মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর এ উদ্যোগ অব্যাহত থাকবে।
ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, রমজান মাসে এ সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে এসেছে।

